গত কয়েকমাসে বিএনপি'র সঙ্গে অন্তর্বর্তী সরকার ও বৈষম্যবিরোধীদের বিভিন্ন ইস্যুতে টানাপোড়েন দেখা গেলেও এখন নির্বাচন, সরকার ও রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে রীতিমত মুখোমুখি অবস্থানে দুই পক্ষ।
বুধবার বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সাক্ষাৎকারে তিনি বলেন, "বর্তমান সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নির্বাচন করতে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে।"
ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে 'বেরিয়ে আসা উচিত' বলেও মন্তব্য করেন মি. আলমগীর।
বুধ ও বৃহস্পতিবার দুই পর্বে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।
এছাড়া, একটি আলোচনা সভায়ও তিনি একই বক্তব্যের পুনরাবৃত্তি করেন।
তার বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানান সরকারের দুই তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ।
প্রতিক্রিয়া জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহও।
তারা তিনজনই সামাজিক মাধ্যম ফেসবুকে তাদের বক্তব্য তুলে ধরেন।
